স্বল্প আয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় প্রথমবারের মতো ‘উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনতন্ত্র ও পরিচালনা নির্দেশিকা-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বল্প আয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ব্যক্তি, শিক্ষানুরাগী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
গতকাল বিকেল ৪টায় উপজেলা পরিষদের স্থানীয় হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। এতে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় জানানো হয়, উপজেলার স্বল্প আয়ের অথচ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী অনুদান গ্রহণ করা হবে। একই সঙ্গে গঠনতন্ত্র ও পরিচালনা নির্দেশিকা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কমিটির প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সদস্য সচিব করে শিক্ষানুরাগী ও দায়িত্বশীল ব্যক্তিদের সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা। তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কিংবা উচ্চশিক্ষা সম্পন্ন মুক্তাগাছার প্রাক্তন শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া ব্যক্তি ও পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকেও আর্থিক সহায়তা গ্রহণ এবং তাদের কমিটির আওতায় আনার বিষয়টি আলোচনায় উঠে আসে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, পরীক্ষামূলকভাবে শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম শুরু করে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বাৎসরিক কিংবা এককালীন অনুদান সংগ্রহ করা হবে। সেই অর্থ থেকে স্বল্প আয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে তাদের মেধা বিকাশ ও শিক্ষাজীবন অব্যাহত রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় অনতিবিলম্বে তহবিল সংগ্রহ শুরু করে প্রাথমিক পর্যায়ে উত্তর মাধ্যমিক স্তরের অন্তত পাঁচজন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে আর্থিক শিক্ষা সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকিয়া আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দী, আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমান, নবারুণ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “শিক্ষা সহায়তা করুণা নয়, এটি একজন শিক্ষার্থীর অধিকার।” সমাজের সম্মিলিত উদ্যোগে এই ট্রাস্টের কার্যক্রম এগিয়ে গেলে আর্থিক সংকটে মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে। পাশাপাশি তাদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, মানসিক বিকাশ ও ইতিবাচক সামাজিক চেতনার বিকাশ ঘটবে।
উল্লেখ্য, জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম বাস্তবায়নে আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে বলে সভায় অবহিত করা হয়। মুক্তাগাছাতেও এই উদ্যোগ সফল হলে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

