উশৈনু মারমা
থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় জীপ, বি-সেভেন্টি, বুলারো ও মাইক্রোবাস মালিকদের স্বার্থ সংরক্ষণ, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে জীপ, বি-সেভেন্টি, বুলারো ও মাইক্রোবাস মালিক সমিতি (ট্রেড ইউনিয়ন)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত থানচি ট্যুরিস্ট গাইড অফিস সংলগ্ন এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য ও শ্রমিক বিষয়ক সম্পাদক এ. এম. নাজিম উদ্দিন

অনুষ্ঠানে পরিবহন মালিক, চালক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে চসাথোয়াই মার্মা (পকসে) সভাপতি, ক্রা প্রু অং মার্মা সহ-সভাপতি, মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক, মং সিং উ মার্মা অর্থ সম্পাদক এবং সা হলা চিং মার্মা (সচিন) তথ্য ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। এছাড়া অন্যান্য পদেও সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, থানচির মতো দুর্গম পাহাড়ি অঞ্চলে জীপ, বি-সেভেন্টি, বুলারো ও মাইক্রোবাসই মানুষের চলাচলের অন্যতম প্রধান বাহন। তাই মালিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন ছিল। নতুন এই ট্রেড ইউনিয়ন পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি থানচির পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে স্থানীয় পরিবহন মালিক, চালক, শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই সংগঠনের কার্যক্রম থানচি উপজেলার পরিবহন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং মালিক-চালকদের মধ্যে সমন্বয় ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।