শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা; বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার থানচি উপজেলা শাখার নতুন কমিটি গঠন
উশৈনু মারমা
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী থানচি উপজেলার অংসাউ পাড়ায় খিয়াং সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্প্রদায়ের বর্তমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের থানচি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত থানচি উপজেলার অংসাউ পাড়ায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পাইথুইপ্রু খিয়াং (অন্তর)।
সভায় থানচি উপজেলার অংসাউ পাড়া, থুইছা পাড়া, মংখাই পাড়া ও লালদুসং পাড়াসহ চারটি খিয়াং অধ্যুষিত এলাকা থেকে প্রায় ৩৫ থেকে ৪০ জন প্রতিনিধি, প্রবীণ, যুবক-যুবতী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংক্রান্ত মতামত তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে খিয়াং সম্প্রদায় একটি ছোট জনগোষ্ঠী। দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসের কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ এখনও সীমিত। এসব বাস্তবতা বিবেচনায় রেখে খিয়াং জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংগঠিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
সভায় খিয়াং সম্প্রদায়ের ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি আবাসিক ছাত্রাবাস নির্মাণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকা থেকে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করতে পারে না। একটি ছাত্রাবাস প্রতিষ্ঠা করা গেলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে থেকে পড়াশোনার সুযোগ পাবে এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এছাড়া দরিদ্র ও দুর্গম এলাকার খিয়াং জনগোষ্ঠীর জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় খিয়াং মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তুলতে হলে বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের শিক্ষার প্রতি আরও গুরুত্ব দিতে হবে।
এ সময় সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মান্তরের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করা হয়। বক্তারা খিয়াং জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দীর্ঘ আলোচনা শেষে পূর্ববর্তী উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার থানচি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
- সভাপতি: থোয়াই উখই খিয়াং (উজ্জ্বল)
- সাধারণ সম্পাদক: অংফউ খিয়াং
- সাংগঠনিক সম্পাদক: শিমন খিয়াং
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে খিয়াং সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সকল শ্রেণি-পেশার খিয়াং জনগোষ্ঠীকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভার শেষে খিয়াং সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।