মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘ইইই ডে-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং ইইই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় র্যালি, পোস্টার প্রদর্শনী, প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং প্রতিযোগিতা, সার্কিট অলিম্পিয়াড, মোবাইল গেমিং, লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা, ট্রেজার হান্ট এবং পুরস্কার বিতরণী।
৬ জুলাই (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
পরবর্তীতে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্যে ছিল পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং কনটেস্ট, সার্কিট অলিম্পিয়াড, মোবাইল গেমিং, লাইন ফলোয়িং রোবট এবং ট্রেজার হান্ট।
দ্বিতীয় দিন ৭ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট ও ট্রেজার হান্টের চূড়ান্ত পর্ব। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইঞ্জিনিয়ার মানজারী খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগীরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ইইই বিভাগ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তবমুখী জ্ঞান বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের আয়োজনের পাশে থাকবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, চতুর্থবারের মতো আয়োজিত ‘ইইই ডে’ ৬ ও ৭ জুলাই অনুষ্ঠিত হয়। এতে নোবিপ্রবির ইইই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ এবং দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাশক্তি, গবেষণামনস্কতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই ছিল এবারের আয়োজনের মূল উদ্দেশ্য।