মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শহীদুল ইসলাম শহীদ।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় মুক্তাগাছা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজ ফরাজী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলেমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম শহীদ দাবি করেন, মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের ভাবকি গ্রামে তাদের পারিবারিক সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজন ব্যক্তি পূর্ববর্তী সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, ওই জমির প্রকৃত মালিকানা নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন এলাকায় থাকতে না পারায় জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিস্থিতির পরিবর্তনের পর তারা নিজেদের দখলে থাকা সম্পত্তি পুনরুদ্ধার করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি ওই জমিতে পুনরায় ঘর নির্মাণের চেষ্টা হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে রাতের আঁধারে আবারও নির্মাণের চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন।
তার বক্তব্য অনুযায়ী, খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবদল ও ছাত্রদলের কর্মী ঘটনাস্থলে গিয়ে নির্মাণসামগ্রী একপাশে সরিয়ে রাখেন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব পোস্ট ও তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি অভিযোগ করেন।
তিনি ফেসবুকে প্রচারিত তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযুক্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লিখিত বক্তব্য পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন শহীদুল ইসলাম শহীদ।