থানচির দুর্গম পাহাড়ে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মানবিক সহায়তা সোলার লাইট, পানির ট্যাংক, টিনসহ প্রয়োজনীয় সামগ্রী পেল কয়েকটি পাহাড়ি পাড়া

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদারে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সম্প্রতি সুংসাং পাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে থিংদলতে ত্ল্যাং টিওবির দায়িত্বাধীন কয়েকটি প্রত্যন্ত পাড়ায় প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ২৪ পদাতিক ডিভিশনের জিওসির পরিদর্শনকালে অনুমোদিত চাহিদার ভিত্তিতে জারুলছড়ি পাড়া, সাস্বত পাড়া, হাতিছড়া পাড়া, ক্রেসপাই পাড়া এবং আরিফ পাড়ার বাসিন্দাদের প্রয়োজন বিবেচনায় এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সোলার লাইট, সোলার প্যানেল, ব্যাটারি, সাউন্ড বক্স, ৭ ফুট ও ৫ ফুট টিন, ২ ইঞ্চি ও ১ ইঞ্চি পাইপ এবং এক হাজার লিটার ধারণক্ষমতার তিনটি পানির ট্যাংক। দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে এসব সামগ্রী কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

শুধু অবকাঠামোগত সহায়তাই নয়, পাহাড়ি অঞ্চলে শিক্ষার পরিবেশ বজায় রাখতেও কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে জারুলছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আরিফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন চালু রাখতে সহায়তা দেওয়া হচ্ছে। এতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।