নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ায় জড়িত থাকা এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান অভিযানের বিস্তারিত তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কিশোরগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে একটি চক্র সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানকালে ডিবি পুলিশ সংশ্লিষ্টদের কার্যক্রমের তথ্য-প্রমাণ সংগ্রহ করে এবং ঘটনাস্থল থেকে মোট ২১ জনকে আটক করে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তল্লাশি ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সুপার আরও জানান, অনলাইনভিত্তিক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
এদিকে, অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কিশোর ও তরুণদের অনলাইন জুয়া ও সন্দেহজনক অ্যাপ থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সন্দেহজনক ডিজিটাল লেনদেন ও প্রতারণার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।