মোঃ মোশাররফ হোসেন | ময়মনসিংহ ব্যুরো প্রধান

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক প্রেস ক্লাব। কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নানা ধরনের ঝুঁকি মোকাবিলা করতে হয়। অনিয়ম, দুর্নীতি ও অসংগতির তথ্য তুলে ধরতে গিয়ে অনেক সময় তাঁদের হুমকি-ধমকি ও হয়রানির শিকার হতে হয়। এর ফলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সুরক্ষা আইন প্রণয়ন এবং অপরাধীদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি আরিফুল ইসলাম মুরাদ, বিভাগীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুকুল হোসেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ রাসেল ফকির, মহানগর কমিটির সভাপতি আব্দুল মান্নান এবং মহানগর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এ সময় বক্তব্য দেন একুশের বাণী পত্রিকার ময়মনসিংহ ব্যুরোপ্রধান শাহ সুলতান রঞ্জু এবং দেশের ডাক পত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী সাংবাদিকেরা পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ তৈরি এবং সাংবাদিকদের অধিকার রক্ষার দাবিতে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধন শেষে আন্তর্জাতিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচির সমাপ্তিতে উপস্থিত সাংবাদিক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এইমাত্র টিভি | eimatro.tv