র্যাব-১৪’র অভিযানে ৭ জন গ্রেফতার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
নিহত শ্রমিকের নাম দিপু চন্দ্র দাস (২৮)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মোকামিয়াকান্দা এলাকার বাসিন্দা এবং ভালুকা উপজেলার ডুবুলিয়া এলাকার পাইওনিয়ার নিট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
র্যাব জানায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা উত্তেজিত একটি দল দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তাকে জোরপূর্বক ফ্যাক্টরি থেকে বের করে আনে। পরে দাঙ্গা সৃষ্টি করে দেশীয় অস্ত্র ও কিলঘুষির মাধ্যমে তাকে মারধর করা হয়, যা একপর্যায়ে তার মৃত্যুর কারণ হয়।
ঘটনার পর নিহতের মরদেহ জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ভালুকা থানায় মামলা নং–২৬ (তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫) দায়ের করে। মামলায় দণ্ডবিধির ১৪৭/১৪৯/৩০২/২০১/২৯৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
র্যাব-১৪’র সিপিএসসি ইউনিট ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ, স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে ২০ ডিসেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৩টার দিকে ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. তারেক হোসেন (১৯),
২) মো. লিমন সরকার,
৩) মো. মানিক মিয়া (২০),
৪) এরশাদ আলী (৩৯),
৫) নিঝুম উদ্দিন (২০),
৬) আলমগীর হোসেন (৩৮),
৭) মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।