মোঃআবুল কালাম
জেলা প্রতিনিধি ময়মনসিংহ
শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে উৎসাহ প্রদান এবং মেধাবীদের সম্মান জানাতে জামিয়া আরাবিয়া হুরে জান্নাত নুরানী কিন্ডার গার্টেন মাদরাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল। এছাড়াও সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশু বয়স থেকেই কুরআন শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে একজন আদর্শ মানুষ তৈরি করা সম্ভব। নুরানী শিক্ষাব্যবস্থা শিশুদের শুদ্ধ উচ্চারণে কুরআন শিক্ষা ও ইসলামী আদর্শে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, আদব-আখলাক ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।