সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ দক্ষিণে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজকে দেখতে চায় তৃণমূল ও স্থানীয়রা

সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ দক্ষিণে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজকে দেখতে চায় তৃণমূল ও স্থানীয়রা

প্রতিবেদক:
মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ।


ময়মনসিংহ দক্ষিণে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলীয় তৃণমূল নেতাকর্মী ও স্থানীয়দের একটি বড় অংশ তাকে জাতীয় সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৯-২০২০ মেয়াদে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

ময়মনসিংহ দক্ষিণের ফুলবাড়িয়া উপজেলার ব্রহ্মপুত্র অববাহিকায় বেড়ে ওঠা কাজী রওশন দিল আফরোজ ছোটবেলা থেকেই কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামীণ সমাজের বাস্তব অভিজ্ঞতাই তাকে জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয় হতে উদ্বুদ্ধ করেছে।

বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণের কথাও তুলে ধরছেন সমর্থকরা। তাদের দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মাঠে সক্রিয় থেকেছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনের সময় একাধিক মামলা ও হামলার মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করেছেন তার অনুসারীরা।

আইনজীবী অঙ্গনে সততা ও পেশাগত দক্ষতার জন্য তিনি পরিচিত বলে সহকর্মীরা জানান। ঢাকা আইনজীবী সমিতিতে দায়িত্ব পালনকালে আইনজীবীদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন।

মানবাধিকারভিত্তিক সংগঠন ‘হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল’-এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন কাজী রওশন দিল আফরোজ। অসহায় মানুষের সহায়তা, নারী ও শিশু অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে তিনি জাতীয় সংসদে ময়মনসিংহ দক্ষিণের উন্নয়ন, কৃষকের স্বার্থ এবং সাধারণ মানুষের দাবি উপস্থাপনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এ কারণে তৃণমূল পর্যায় থেকে তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি উঠেছে।

দলীয় সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও, তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা—দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *