ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মূলহোতা হিসেবে চিহ্নিত যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতামূলক কর্মকাণ্ডের মামলায় তাকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ সোহেল মাহমুদকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে।
রাসেল পাঠানের নির্দেশে সংঘবদ্ধ চক্র ট্রেনে আগুন দেয়: ওসি
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তার সোহেল মহানগর যুবলীগের সভাপতি রাসেল পাঠানের ঘনিষ্ঠ অনুসারী। রাসেল পাঠানের নির্দেশে সোহেলসহ একটি সংঘবদ্ধ চক্র ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
ওসি আরও বলেন, নাশকতার জন্য এই চক্রকে টাকা প্রদান করা হয়েছিল। পরে সেই টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিলে পুরো ঘটনাটি ফাঁস হয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে আটক করে।
আদালতে জবানবন্দি, অন্যদের ধরতে অভিযান চলছে
ময়মনসিংহ জিআরপি থানার ওসি মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর রেলওয়ে এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনার পটভূমি
গত বুধবার ভোররাতে ময়মনসিংহ জংশন স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের ওপর গান পাউডার ছিটিয়ে আগুন লাগায় নাশকতাকারীরা। দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর অজ্ঞাতদের আসামি করে মামলা হয়।
পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত নাশকতা ছিল এবং এর পেছনে একটি সংঘবদ্ধ গ্রুপ কাজ করেছে।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি