ময়মনসিংহ বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপনী
ময়মনসিংহ বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপনী

ময়মনসিংহ বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপনী

ময়মনসিংহ বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপনী

ময়মনসিংহ প্রতিনিধিঃ

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, ক্রীড়ানুরাগী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জামালপুর জেলার বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ও ময়মনসিংহ মহাবিদ্যালয়। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল উপহার দেয় ময়মনসিংহ মহাবিদ্যালয়। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে তারা ৪–০ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় এবং বিভাগীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। অপরদিকে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ রানারআপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয়।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মুজীদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল হায়দার মুকুল, দাপুনিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান আরিফসহ বিভিন্ন কলেজের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুরস্কার বিতরণ পর্বে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন,
“খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তঃকলেজ পর্যায়ের এই ধরনের টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনধারা গড়ে তুলতে সহায়ক।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন,
“পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মানসিকতা সৃষ্টি করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। ক্রীড়াপ্রেমীদের মতে, আন্তঃকলেজ পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগের কলেজ ফুটবলে নতুন প্রতিভা আবিষ্কার এবং ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *