মোঃ মোশাররফ হোসেন, মুক্তাগাছা।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোটারদের সচেতন করতে আজ পৌরসভার ঐতিহ্যবাহী ত্রি-মোহিনী (নতুন বাজার) এলাকায় নির্বাচন সংক্রান্ত ভোটার অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংস্কার কমিশনের ঐতিহাসিক জুলাই বিপ্লব সনদ (সংশোধিত) বাস্তবায়নে গণভোট “হাঁ/না”-এর চার দফা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত ১১ দফা সুপারিশমালার লিফলেট সাধারণ ভোটারদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার সিলমিন জাহান ইলমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম। এছাড়াও অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের পক্ষে এসআই হাসিবুর রহমান ও এসআই আনোয়ার শরীফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ঐতিহাসিক আয়মন নদী বিধৌত ত্রি-মোহিনী (নতুন বাজার) এলাকায় লিফলেট বিতরণকালে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের ভোটারদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, এর আগেও একই সংসদীয় আসনের কুমারগাতা, খেরুয়াজানি, তারাটি ও দুল্লা ইউনিয়নে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ভোটার অবহিতকরণ সভা আয়োজন করা হয়।
অভিজ্ঞ মহলের মতে, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা গেলে আত্মনির্ভরশীল, মানবিক ও বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি