সংবর্ধনায় একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ
সংবর্ধনায় একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

সংবর্ধনায় একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজেই শুধু বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে অন্য কোনো নেতা বা অতিথির বক্তব্য রাখার সুযোগ থাকছে না।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচির পক্ষে নন, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে পারে। সেই বিবেচনা থেকেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশেও তারেক রহমানের এই নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে বাস্তব পরিস্থিতির কারণে শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও স্বীকার করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশে ফেরার পর তারেক রহমান সরাসরি হাসপাতালে গিয়ে তার অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান। এরপর তিনি তার বাবা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন। এসব বিষয় মাথায় রেখেই তিনি স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে পড়েছে।

তিনি জানান, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো বড় ধরনের কর্মসূচি রাখা হয়নি। পরিবর্তে শহরের এক প্রান্তে অবস্থিত প্রশস্ত তিনশ ফুট মহাসড়কের সার্ভিস লেনের এক পাশে সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়েছে।

এই সংক্ষিপ্ত আয়োজনে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তারেক রহমান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

তিনি স্পষ্ট করে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *