থানচিতে ৩৮ বিজিবির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

থানচিতে ৩৮ বিজিবির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

উশৈনু মারমা
থানচি (বান্দরবান) প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত এলাকার জনসচেতনতা বৃদ্ধি, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলায় ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ৩৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম (আর্টিলারি)।

সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সাধারণ জনগণসহ প্রায় ১২০ থেকে ১৫০ জন অংশগ্রহণ করেন।

বক্তারা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে সাধারণ জনগণের দায়িত্ব ও করণীয়, মাদক পাচার রোধে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি ও জনগণের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সচেতনতা, সময়মতো তথ্য প্রদান এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

About EiMatro TV

📰 EiMatro TV সম্পর্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *