ময়মনসিংহ প্রতিনিধি | এইমাত্র টিভি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ৩৯ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার।
জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংশ্লিষ্ট বিষয়ে নীতি ও আইন প্রণয়ন এবং নারী ও শিশুর অধিকার, সুরক্ষা ও কল্যাণসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে এই সংসদীয় স্থায়ী কমিটি।
সম্প্রতি জাতীয় সংসদে গঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের তালিকায় অ্যাডভোকেট সাবিকুন্নাহারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি নথিতে তাকে ৩৯ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে যুক্ত হওয়ায় নারী ও শিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং জীবনমান উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে তার।
বিশেষ করে ময়মনসিংহের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে নতুন দায়িত্বের মাধ্যমে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এদিকে অ্যাডভোকেট সাবিকুন্নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা করছেন, নতুন দায়িত্বে অ্যাডভোকেট সাবিকুন্নাহার নারী ও শিশুর অধিকার রক্ষা এবং ময়মনসিংহের মানুষের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
সরকারি নথির তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে মোট ১০ জন সদস্যের তালিকা দেওয়া হয়েছে এবং সাবিকুন্নাহারকে ১০ নম্বরে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি
