মোঃ মোশাররফ হোসেন, মুক্তাগাছা, ময়মনসিংহ:
ময়মনসিংহের মুক্তাগাছায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ অক্টোবর) মুক্তাগাছা পৌরসভার মহারাজা রোড ও পৌর মার্কেটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালামের নেতৃত্বে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে ওষুধ, মিষ্টি, ফল, এলপিজি গ্যাস, তামাকজাত পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর ভোজ্যতেলে তেলাপোকা পাওয়া এবং পণ্য ক্রয়-বিক্রয়ের ভাউচার ও মূল্যতালিকা সংরক্ষণ না করার মতো অনিয়ম শনাক্ত করা হয়।
এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্যের সঠিক মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।
বাজার মনিটরিং অভিযানে সহযোগিতা করে মুক্তাগাছা উপজেলা প্রশাসন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং পুলিশ লাইনের একটি দল।
এ সময় এইমাত্র টিভির প্রতিনিধি পুরো অভিযানটি সরেজমিনে অনুসরণ করে তথ্যচিত্র সংগ্রহ করেন। অভিযানে গণমাধ্যমের সহযোগিতার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এইমাত্র টিভিকে ধন্যবাদ জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি
