বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে পড়াশোনা করা ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জরুরি হস্তক্ষেপ কামনা করেছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ)।
সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক লিখিত আবেদনে সংগঠনটি জানায়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক পরিস্থিতির দ্রুত অবনতি শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা এসব শিক্ষার্থীর সুরক্ষা ও কল্যাণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
জেকেএসএর জাতীয় আহ্বায়ক নাসির খুয়েহামি জানান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় ৯ হাজার ভারতীয় শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে চার হাজারেরও বেশি শিক্ষার্থী কাশ্মীর উপত্যকার বাসিন্দা। তিনি বলেন, সংগঠনটির কাছে নিয়মিতভাবে শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে উদ্বেগজনক ফোনকল ও বার্তা আসছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরছে।
খুয়েহামি আরও জানান, ঢাকায় অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। সাম্প্রতিক সময়ে এক ছাত্রনেতার মৃত্যু ও লিঞ্চিংয়ের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও তীব্র হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, অনেক শিক্ষার্থী কার্যত হোস্টেল ও বাসায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। চলাচলে সীমাবদ্ধতা, অনিশ্চিত পরিস্থিতি এবং সহিংসতায় জড়িয়ে পড়ার আশঙ্কা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত অভিভাবকেরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠায় রয়েছেন।
এ অবস্থায় জেকেএসএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা, সম্মান ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে।
পাশাপাশি পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে জরুরি ভিত্তিতে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। জেকেএসএর মতে, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে এবং উদ্বিগ্ন পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসবে।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি
