শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যার বিচার দাবিতে মুক্তাগাছায় জনসমাগমপূর্ণ মানববন্ধন
মোঃ মোশাররফ হোসেন
ময়মনসিংহ, মুক্তাগাছা প্রতিনিধি:
শহীদ শরিফ ওসমান বিন হাদীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মুক্তাগাছায় আজ একটি বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ‘মুক্তাগাছা ইনকিলাব মঞ্চ’-এর উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই মানববন্ধন তালুকদার ক্লিনিক এলাকা থেকে শুরু হয়ে ঢলুয়াবিল পর্যন্ত বিস্তৃত ছিল। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচিতে আনুমানিক দুই হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মানববন্ধনে মুক্তাগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, অভিভাবক এবং নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনটি মুক্তাগাছা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। আয়োজক সংগঠন মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
এ সময় বক্তব্য দেন মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. শামীম, যুগ্ম আহ্বায়ক আবদুল বাছির নোমানী, এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চিফ কো-অর্ডিনেটর আবু বকর ছিদ্দিক, রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা ও তাদরিসুল কুরআন মাদরাসার পরিচালক আজিজুল হাকিম শাহীন, শিক্ষক মাওলানা সানাউল্লাহ নূরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তাগাছার প্রতিনিধি খাইরুল ইসলাম।
বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ড সমাজ ও মানবতার জন্য কলঙ্কজনক। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি