নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিজ্ঞাপন নীতিমালায় নিবন্ধিত অনলাইন সংবাদপোর্টালকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকেও কার্যকর নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা এ দাবি উত্থাপন করেন। বৈঠকে নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং এ খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সম্পাদক ও প্রকাশকরা বলেন, অনলাইন সংবাদমাধ্যম বর্তমানে দেশের মূলধারার গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং দ্রুততম সময়ে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনলাইন পোর্টালগুলোর ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এ খাতের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে।
তাদের মতে, সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন গণমাধ্যমের স্থান না থাকায় নিবন্ধিত পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই টেকসইভাবে অনলাইন সাংবাদিকতার বিকাশ নিশ্চিত করতে নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
এ সময় অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিষয়েও আলোচনা হয়। সম্পাদক ও প্রকাশকরা বলেন, একটি সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে এসব প্ল্যাটফর্মকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি ডিসইনফরমেশন ও মিসইনফরমেশনের বিস্তার রোধে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও মানসম্মত সাংবাদিকতাকে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় উপস্থিত ছিলেন।
এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি এইমাত্র | EiMatro TV | এইমাত্র টিভি
